শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

রিজভী নিজেই আহাম্মকের মতো কথা বলছেন: তথ‌্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হলেও, এ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ আহাম্মকের মতো কথা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (০৪ মে) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে এগুলো সঠিক। সঠিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সরকার এগিয়ে যাচ্ছে। সেখানে বিএনপির রিজভীসহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বেশি জ্ঞান রাখেন। তিনি (রিজভী) যে বলেছেন আমি তাকে একটু অতীতের দিকে ফিরে তাকানোর অনুরোধ জানাচ্ছি।

‘আপনাদের নিশ্চয়ই মনে আছে ৯১ ঘূর্ণিঝড়ের কথা, এসময় চট্টগ্রাম বিমান বন্দরে অনেকগুলো যুদ্ধ বিমান ছিলো, বিমান বাহিনীর অনেকগুলো বিমান ছিলো। সেই বিমানগুলো তারা উড়িয়ে ঢাকায় নিয়ে না আসার কারণে বিমান বন্দরে একডজনের বেশি বিমান ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যায়’।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের এ সময়ে চট্টগ্রাম বন্দরে জাহাজগুলোকে উজানে নিয়ে যেতে পারতো, কিন্তু সেটি করা হয়নি। ফলে অনেকগুলো জাহাজ সেদিন নষ্ট হয়ে যায়। এমনকি জাহাজ নোঙর ছেড়ে রাস্তায় উঠে এসেছিল।

‘অর্থাৎ ৯১ ঘূর্ণিঝড়ে বিএনপির নেতৃত্বে তৎকালীন সরকারের আহাম্মকির কারণে এই ঘটনাগুলো ঘটেছিল। সেই আহাম্মকের ভাগাড়ে বসে রিজভী আহমেদ যে কথাগুলো বলছেন আসলে তিনি নিজেই আহাম্মকের মতো কথা বলছেন’- বলেন ড. হাছান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার করোনাভাইরাসজনিত যে পরিস্থিতি আজকে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে, আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের সময় মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য, সেটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বসে প্রশংসিত হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com