শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

মনে সাহস রাখতে হবে : নওফেল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের দুইজন সদস্য এবং বাসার দুইজন গৃহপরিচারিকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নিজ পরিবারে সদস্যরা আক্রান্ত হওয়ায় পরিবারের বড় সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেসবুক পাতায় নিজের আইডি থেকে সচেতনামূলক স্ট্যাটাস দিয়েছেন।

উপমন্ত্রী লিখেছেন, ‘‘আমাদের পরিবারের বেশিরভাগ সদস্য দেশের আট/দশজনের মতো নির্দেশনা মেনে ঘরেই ছিলেন। আমার ভাইয়ের কিছুদিন আগে সন্তান জন্ম হয়েছে, তাকে (ভাই) অনেক জায়গায় যাওয়া-আসা করতে হয়েছে। সন্তানের নিরাপত্তার কথা ভেবে, আত্মীয়দের নিরুৎসাহিত করতে, আমরা কারো সঙ্গে নবজাতকের দেখাও করতে দেইনি।’’

তারপরও ‘‘জীবনের অনেক প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলতে গিয়েও অনেকে সংক্রমিত হয়েছেন।’’- স্ট্যাটাসে বলেন তিনি।

তিনি বলেন, ‘‘নানান সুরক্ষা ব্যবস্থা থাকার পরও আমরা জানি ব্রিটিশ প্রধানমন্ত্রীরও করোনা হয়েছে, তাদের দেশের যুবরাজেরও হয়েছে, রাশিয়ার প্রধানমন্ত্রীরও হয়েছে। আরো অনেক মানুষের হয়েছে। ধনী, গরিব, ধর্ম, বর্ণ কেউ বিশেষআনুকূল্য পাচ্ছেন না। সুতরাং এই কোভিড ১৯ নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। এই সংক্রমণে আমরা শংকিত যেন না হই।’’

দেশের এই পরিস্থিতিতে মানসিকভাবে দুর্বল না হতে বলেছেন উপমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- সংক্রমিতদের প্রতি আমাদের মানবিক হতে, আর সংক্রমণ হলে মনে সাহস রাখতে। তাই আমরা সচেতন থাকবো, শংকিত হবো না, মনে সাহস রাখতে হবে।’’

করোনাভাইরাস দীর্ঘ সময় থাকতে পারে আশঙ্কা প্রকাশ করে নওফেল বলেন, ‘‘ভাইরাস কোথাও হঠাৎ উধাও হয়ে যাবে না। এটি থাকবে, আরো অনেক দিন থাকবে, সংক্রমণের হার কমবে, বাড়বে। এর মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের পরিবার নয় শুধু, সমগ্র দেশের সবার জন্য দোয়া করবেন। মানুষের জীবিকা ও জীবন দুটোই যেন রক্ষা পায়।’’

মঙ্গলবার (১২ মে) বিকেলে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উপমন্ত্রী নওফেল, তার স্ত্রী, সন্তান, গাড়িচালক, গাণম্যান, ছোট ভাইয়ের স্ত্রী, নবজাতক সন্তান, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ১২ সদস্যের করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনা আক্রান্ত হননি। কিন্তু চারজনের করোনা পজেটিভ আসে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com