শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় নরসিংদীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন কৃষকলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৪ মে) শিবপুর উপজেলা কৃষকলীগের উদ্যোগে বাঘাব ইউনিয়নের ব্রাক্ষন্দী এলাকায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দেওয়া হয়। এ সময় ওই গ্রামের একজন বর্গা চাষীর একবিঘা জমির ধান কেটে মাথায় করে তার বাড়িতে পৌঁছে দেন কৃষকলীগের নেতা-কর্মীরা।
ধান কাটায় অংশ নেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজ উদ্দিন মৃধা, শিবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু মেল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া,বাঘাব ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রিয়াজুদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মী।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল।
কৃষকলীগ নেতা সিরাজ উদ্দিন মৃধা বলেন, ‘করোনাভাইরাসের কারণে শ্রমিক না পাওয়ায় মানবিক দিক বিবেচনায় সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়েছি আমরা। তবে সংকটে কোনো কৃষকের ধান কেটে দেওয়ার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা নেবো।’
নগরকন্ঠ.কম/এআর