শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ঈদে সব ধরনের যানবাহন বন্ধ রাখতে হবে: নাসিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঈদের সময় সব ধরনের দূরপাল্লার যানবাহন, লঞ্চ ও ট্রেন বন্ধ রাখার ব্যবস্থা করতে সং‌শ্লিষ্ট মন্ত্রণাল‌য়ের মন্ত্রী‌দের প্র‌তি বিশেষভাবে অনু‌রোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপ‌তিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে তিনি বলেন, ঈদের আগে ও পরে জরুরি পণ্য পরিবহন ছাড়া যেন কোনো ধরনের যানবহন চলাচলের সিদ্ধান্ত না নেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করতে হবে। সামান্যতম আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে করোনা বিপর্যস্ত দেশবাসীকে আরো কঠিন অবস্থায় পড়তে হবে।

মোহাম্মদ নাসিম বলেন, সামনে পবিত্র ঈদ। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারের ঈদ কোনোভাবেই আনন্দ উৎসবের ঈদ নয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সবাইকে ঘরে বসেই ঈদ করতে হবে।

‘‘কিন্তু আমরা আশঙ্কা করছি, অতি উৎসাহী ব্যক্তিদের আবারো ঈদযাত্রার নামে গ্রামমুখী বা শহরমুখী মানুষের ঢল নামতে পারে। এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে দেশে করোনা ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করবে।’’

মোহাম্মদ না‌সিম ব‌লেন, ‘‘যেখানে দেশে করোনা ভাইরাসে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে দেশবাসীকে সহায়তা করার লক্ষ্যে আমি বিশ্বাস করি এটুকু ত্যাগ স্বীকার করতে জনগণ প্রস্তুত আছে। আসুন আমরা সবাই এবার যে যেখানে আছি, সেখান থেকেই ঈদ উদযাপন করি।’’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com