শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা পরিস্থিতি জটিল করে তুলতে পারে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

শনিবার (১৬ মে) সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সংকট মোকাবিলায় আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি, এ সংযমের মাসেও মানুষ সামাজিক দূরত্ব না মেনে দলে দলে গ্রামের দিকে যেতে শুরু করেছে। শহর থেকে গ্রামে যাওয়ার এ প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আপনারা দেখছেন পরিস্থিতি অবনতিশীল।’

‘শপিংমল, ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে বাড়তি ভিড় তৈরি করা থেকে বিরত থাকতে আমি অনুরোধ জানাচ্ছি। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা প্রকারান্তে নিজের এবং চারপাশের মানুষের জীবনে গভীর অমানিশা ডেকে আনা। এভাবে চলতে থাকলে দুর্ভোগের অন্ধকারাচ্ছন্ন বর্ষাকাল অতিক্রমের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের সমালোচনা করে কাদের বলেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে। আমি আন্তর্জাতিক এ সংস্থাটিকে বলতে চাই, আপনারা খোদ ইউরোপসহ উন্নত দেশগুলোর দিকে তাকান। সেসব দেশও নানা সীমাবদ্ধতা নিয়ে চিকিৎসা দিচ্ছে।

‘আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সক্ষমতা বাড়ানোর চেষ্টা রয়েছে। এখন ৪১টি কেন্দ্রে টেষ্ট করা হচ্ছে। সুরক্ষাসামগ্রী সংগ্রহ বাড়ছে দিন দিন। নতুন করে চিকিৎসক নার্স নিয়োগ করা হয়েছে। এর বাইরে স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।’

ঘরহীন মানুষদের খুঁজে খুঁজে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারি উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। এ পর্যন্ত এক কোটির বেশি পরিবার তথা ৫ কোটির বেশি মানুষের মাঝে সহায়তা পৌঁছেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com