শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় জনগণের পাশে থাকতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন।

বুধবার (২০ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থেকে আম্ফান মোকাবিলায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য দেশের বিভিন্ন জেলার নেতাদের টেলিফোনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন তারা।

এ সময় আম্ফান মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপকূলের সাধারণ জনগণকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া এবং শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয়কেন্দ্রে মানুষের অবস্থান নিশ্চিত করতে প্রশাসনেক সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেয়া হয়।

একই সাথে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় উপকূলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর নানক বলেন, আম্ফান মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব উপকূলীয় জেলায় নজরদারি বাড়ানো হয়েছে। সেখানে সর্বত্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে কাজ করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপকূলীয় এলাকার মানুষকে সেবা দেবেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করব। আওয়ামী লীগ সকল দুর্যোগে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com