শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে তার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানান।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, বৃহস্পতিবার সিলেটে ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে আওয়ামী লীগের ওই নেতা থাকতে পারেন।

নাদেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও সদস্য।

শফিউল আলম নাদেলের সাথে আলাপের বরাত দিয়ে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সংবাদ মাধ্যমকে জানান, নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন এবং বাসায় আছেন। তিনি (নাদেল) সকলকে সচেতনতার সাথে চলার পাশাপাশি সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৬৪ জন মিলিয়ে এ বিভাগে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সিলেটে ১১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২৫ জন করে আক্রান্ত হয়েছেন। বুলেটিনে জানানো হয়, মোট আক্রান্ত ৫৬৩ জনের মধ্যে সিলেটে ২৩৬ জন, হবিগঞ্জে ১৫৬ জন, সুনামগঞ্জে ৮৮ জন ও মৌলভীবাজারে ৮৩ জন। এছাড়া, এ বিভাগে এ পর্যন্ত ১৫৭ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয় বুলেটিনে। এর মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৭০ জন ও মৌলভীবাজারে ৮ জন রয়েছেন।

বুলেটিনের তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ১৬৯ জনের মধ্যে সিলেটে ৫০ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিভাগে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৮ জন মারা গেছেন। এছাড়া, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com