শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

প্রথমদিনে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ‌্যবিধি মানা হয়েছে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সারাদেশে লকডাউন উঠিয়ে নেওয়ার পর গণপরিবহন চলাচল শুরু হওয়ার প্রথম দিন সোমবার (০১ জুন) অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ‌্যবিধি মানা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০২ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘সোমবার থেকে সারা দেশে শর্তসাপেক্ষ গণপরিবহন চলছে। প্রথমদিনে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ‌্যবিধি মানা হয়েছে। অর্ধেক বা তার চেয়েও কম যাত্রী নিয়ে গণপরিবহন চলছে। অনেকের ভাড়া সমন্বয় নিয়ে শঙ্কা ছিলো। স্বাস্থ‌্যবিধি মেনে জনগণের প্রতি মানবিক আচরণ এবং সংকটে ইতিবাচক সাড়া দেওয়ায় আমি মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্টদের ধন‌্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘অনেকে মনে করছেন যাত্রী সংখ‌্যা বাড়লে পরিবহনগুলো অর্ধেক আসন খালি রাখার শর্ত মানবে না। জনগণের এ আশঙ্কা থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা নিজেদের মুক্ত রাখবেন বলে আশা করি।’’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা যাত্রী-মালিক-শ্রমিক আলাদা করে চিনবে না, ছাড় দেবে না। নিজেদের স্বার্থেই সচেতনতা জরুরি। সংক্রমণের বিস্তার রোধে সবাইকে দৃঢ় মনোবল নিয়ে ঐক‌্যবদ্ধ হয়ে সচেতনতার প্রাচীর নির্মাণ করতে হবে।’’

মন্ত্রী এসময় অনিয়ম ও দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বিআরটিসির বাসে ট্রাকিং ডিভাইস স্থাপন ও ডিজিটাল টিকিটিং চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com