শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ইতিহাস অস্বীকার করে বিএনপি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সত্য ইতিহাস অস্বীকার করে একদিন বিএনপিও আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ৭ জুন আমাদের ইতিহাসের অংশ। ছয় দফা বাঙালির মুক্তির সনদ। এটি যারা পালন করে না তারা ইতিহাসকে অস্বীকার করে। সেটি পালন করলে তো যেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটিকে স্বীকার করা হয়। মূলত এটিকে অস্বীকার করার জন্যেই তারা সচেতনভাবে ৭ জুন পালন করে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৫১ সালের আগ থেকেই বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা নিয়েই এগুচ্ছিলেন। মনি সিংহকে লেখা বঙ্গবন্ধুর একটি চিঠি তার বড় প্রমাণ।

‘দুঃখজনক হলে সত্যি যে, ইতিহাসকে অস্বীকার করার জন্যই বিএনপি এই ঐতিহাসিক সত্যগুলো তথা দিবসগুলো পালন করে না। আর ইতিহাসের শিক্ষা হচ্ছে যারা ইতিহাস অস্বীকার করে তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। বিএনপিও সত্য ইতিহাস অস্বীকার করলে একদিন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে’, মন্তব্য করেন ড. হাছান।

হাছান মাহমুদ বলেন, ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছয় দফা ঘোষণা করেছিলেন, সেটি ছিল বাঙালির মুক্তির সনদ। তিনি স্বাধীনতার লক্ষ্যে বাঙালিদের তৈরি করতেই এ ছয় দফা ঘোষণা করেন। যারা ছয় দফা পড়েছেন নিশ্চয়ই তারা অনুধাবন করেছেন প্রকৃতপক্ষে সেখানে স্বাধীনতার দিকেই যাওয়ার কথা বলা হয়েছে, শুধুমাত্র দুটি বিষয় ছাড়া আর সব বিষয় পূর্ব বাংলা কিংবা বাংলাদেশের ওপর ন্যস্ত করার কথা বলা হয়েছে। সেটির ভিত্তিতে নির্বাচন হয়েছিল ১৯৭০ সালে, নির্বাচনে জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে সংখ্যাগরিষ্টতা অর্জন করে। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা অর্জন।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com