শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নাসিম করোনা নেগেটিভ, আরো ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘সংকটাপন্ন ও অচেতন’ অবস্থায় থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো ৭২ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নতুন মেডিক‌্যাল বোর্ডের সদস্যরা। এরইমধ্যে তার নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল করোনা নেগেটিভ এসেছে।

বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. আল ইমরান চৌধুরী জানিয়েছেন, মেডিক‌্যাল টিম আরো ৭২ ঘণ্টা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। তবে তার অবস্থা সুবিধাজনক নয়। এজন্য সিটি স্ক্যানও করা যায়নি। এই মুহূর্তে সেটি করা বিপজ্জনক।

সোমবার মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন‌্য গঠন করা ১৩ সদেস্যর মেডিক‌্যাল বোর্ডের পরিবর্তে নতুন মেডিক‌্যাল বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে তার করোনা পরীক্ষার জন্য নতুন করে নমুনা নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মেডিক‌্যাল বোর্ডের সদস‌্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া সোমবার রাত সোয়া ১১টার দিকে রাইজিংবিডিকে জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা ক্রিটিক্যালই আছে। তার অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি। পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ডা. কনক কান্তি বড়ুয়া ছাড়াও নতুন মেডিকেল বোর্ডে আছেন নিউরোলজিস্ট কাজী দ্বীন মোহাম্মদ, নিউরোলজিস্ট বদরুল আলম, নিউরোলজিস্ট অধ্যাপক ডা. নারায়ন চন্দ্র কুন্ডু, নিউরো সার্জন রাজিউল হক, কিডনি রোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফি, অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে স্ট্রোক করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়।

গত শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন‌্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য এবং প্রখ্যাত নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট মেডিক‌্যাল বোর্ড গঠন করা হয়। এরপর বৈঠক করে মোহাম্মদ নাসিমকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় মেডিক‌্যাল বোর্ড।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com