শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেটে চিকিৎসা, কৃষি ও গ্রামীণ খাত প্রত্যাশা অনুযায়ী গুরুত্ব পায়নি বলে জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
তিনি বলেন, ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক বাজেটে দেশের প্রতিটি নাগরিকের জন্য সরকারি উদ্যোগে গণস্বাস্থ্য ব্যবস্থা ও দারিদ্র্য সীমার নীচে নেমে আসা আট কোটি মানুষের জন্য টেকসই ‘গণবন্টন ব্যবস্থা’ গড়ে তোলার কোনও পরিকল্পনা ও প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাবনা নেই।
তিনি বলেন, বাজেট ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা সংগ্রহ করতে শেষ পর্যন্ত দায়ভার এসে পড়বে সাধারণ মানুষের ওপর। তাছাড়া জাতীয় দুর্যোগের মধ্যে এনবিআরসহ সরকারের পক্ষ থেকে বিশাল অংকের কালো টাকা, অপ্রদর্শিত অর্থ সম্পদ, পাচারকৃত অর্থ উদ্ধারে বিশেষ কোনও তৎপরতা নেই। ব্যাংক, শেয়ার মার্কেটসহ আর্থিক খাতে যারা হরিলুট করেছে তাদের কাছ থেকে অর্থ উদ্ধারেও কোনও কার্যকরি পদক্ষেপ নেই।
অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমিয়ে আনার উদ্যোগকে ইতিবাচক মন্তব্য করে রাজস্ব ব্যয়সহ অত্যাবশ্যক নয় এরকম ব্যয় আরো কমিয়ে আনার আহ্বান জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর