শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ভ্রমণ কোটায় আন্তর্জাতিক ডেবিট কার্ড চালু করা যাবে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্যক্তিগত ভ্রমণে গ্রাহকদের ব্যাংক হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যু করার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। এই কার্ডেও আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মতো সব ধরনের সুবিধা পাওয়া যাবে। ভ্রমণ কোটার বৈদেশিক মুদ্রা নেওয়ার বার্ষিক লিমিটও এই কার্ডে ব্যবহার করা যাবে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ভ্রমণ কোটার আওতায় গ্রাহকের স্থানীয় মুদ্রায় খোলা ব্যাংক হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। বার্ষিক ভ্রমণ কোটার ডলার পাসপোর্ট এন্ডোর্সমেন্ট হতে হবে। পাসপোর্টে এন্ডোর্সের অতিরিক্ত ডলার ব্যবহার করতে পারবেন না গ্রাহক। গ্রাহকের স্থানীয় মুদ্রায় যে হিসাবের সঙ্গে আন্তর্জাতিক ডেবিট কার্ড সংযুক্ত থাকবে, সেই হিসাবে পর্যাপ্ত অর্থ থাকতে হবে, যাতে কার্ড দিয়ে খরচ করা অর্থ সমন্বয় করা সম্ভব হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ডেবিট কার্ড ইস্যুর সুযোগ দেওয়ায় ব্যাংকগুলো বেশি সুবিধা ভোগ করবে। কারণ ডেবিট কার্ডের বিপরীতে কোনো ক্রেডিট লিমিট দিতে হবে না, যা ক্রেডিট কার্ডের বিপরীতে দিতে হয়।

বর্তমানে বিশ্বের যেকোনো দেশে ব্যক্তিগত ভ্রমণের জন্য বছরে মাথাপিছু সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থ খরচ করতে পারেন বাংলাদেশিরা। আগে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের জন্য এ সীমা ছিল ৫ হাজার ডলার। এছাড়া অন্যান্য দেশের জন্য এ সীমা ছিল ৭ হাজার ডলার।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com