শনিবার, ১১ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

নীলফামারীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যৌতুকবিহীন বিয়ে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তাও বাড়ছিল কন্যা দায়গ্রস্ত এক পিতার। পেশায় ফেরিওয়ালা বাবার উদ্বেগ ছিল, মেয়ের বিয়ের খরচ কীভাবে যোগার হবে? কোথায় পাবেন ভালো বর? এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২২ জুন) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যৌতুকবিহীন বিয়ের অনুষ্ঠান আয়োজনে এই বাবার দুশ্চিন্তা দূর করেছে উপজেলা আওয়ামী লীগ।

বেশ ঝলমলে আয়োজনে মঙ্গলবার দুপুরে বিয়ে দেয়া হয় জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী গ্রামের মোখলেছার রহমানের ছেলে মিনারুল ইসলাম (২৫) ও একই গ্রামের দুলাল হোসেনের মেয়ে আশা মণির (২০)।

ওই বিয়েতে বর ও কনের বিয়ের নতুন কাপড় কেনার দায়িত্ব নেন কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা উপস্থিত হয়ে দোয়া করেন নবদম্পতিকে।

২ লাখ ৫০১ টাকার দেনমোহরে ওই বিয়ে দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।

কনের বাবা দুলাল হোসেন বলেন, ‘মেয়ের জন্য একটি ভালো পরিবার ও ভালো ছেলে খুঁজছিলাম। পাশপাশি যৌতুকের দুশ্চিন্তাও ছিল আমার। আমার সে দুশ্চিন্তা দুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের সহযোগিতায় মেয়েকে ভালো একটি পরিবারে বিয়ে দিতে পেরেছি।’

যৌতুক না নিয়ে ছেলেকে বিয়ে দিয়ে খুশি বরের বাবা মোখলেছার রহমান। কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি ভালো কাজ করার আহ্বান জানানো হয় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। সেই আহ্বানে আমরা ইউনিয়নে ওই কন্যা দায়গ্রস্ত পিতার পক্ষে দাঁড়াই। বর খুঁজে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করি।’

শুধু ওই যৌতুকবিহীন বিয়েই নয়, নীলফামারী জেলায় দিনব্যাপী নানা ব্যতিক্রমী আয়োজনে জেলা সদরের ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটিতে দুই হাজার অসহায় দরিদ্র পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়। এসব কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে গঠন করে নয় লাখ টাকার তহবিল।

বিয়ের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com