শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, `সরকার কখনো ভিন্নমত দমনের চেষ্টা করেনি, করবেও না। বরং সরকার মনে করে, অবশ্যই ভিন্নমত থাকবে, সংবিধানে সে অধিকার দেয়া আছে এবং ভিন্নমত দেশ পরিচালনায় সহায়ক। কিন্তু বিএনপি নেতারা সে সুযোগ নিয়ে গুজব ও বিদ্বেষকারীদের পক্ষ অবলম্বন করছে।’
শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মহামারিতেও সরকার ভিন্নমতের প্রতি বেপরোয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ফখরুল সাহেব কোনটিকে ভিন্নমত বলছেন, সেটি বড় প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-বিদ্বেষ ছড়ানো যদি ভিন্নমত হয়, তাহলে ফখরুল সাহেবের বক্তব্য যারা গুজব ও বিদ্বেষ ছড়ায় তাদের সাফাই গাওয়া।’
তিনি বলেন, ‘বিএনপি নেতারা যে সকাল-বিকাল-সন্ধ্যা সরকারের যথেচ্ছ সমালোচনা করতে পারছেন, সেখানে মিথ্যাচারও করা হচ্ছে, ভিন্নমতের প্রতি সরকার সহনশীল না হলে তো এটি হতো না। একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার বিষয়ে যেভাবে অশালীন মন্তব্য করা হয়েছে, সেগুলো ভিন্নমত নয়, বিদ্বেষ।’
বিএনপি নেতাকর্মীদের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী ড. হাছান বলেন, ‘আমরা চাই না, কেউ আক্রান্ত হোক। আওয়ামী লীগের অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতাসহ কয়েক হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে লক্ষণীয় যে, মির্জা ফখরুল সাহেবের কথাতেই তাদের সংখ্যা নিয়ে সন্দেহের ছায়া আছে।’
তথ্যমন্ত্রী এ সময় করোনায় ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্পকে সহায়তার লক্ষ্যে আগের তুলনায় বেশি সংখ্যক চলচ্চিত্রকে অনুদান দেয়ার সিদ্ধান্তের কথা জানান।
চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, পিপলু খান ও আবু শাহেদ ইমন বৈঠকে অংশ নেন। এ সময় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর