শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন ভেন্টিলেশনের সাপোর্টে রয়েছেন তিনি।
এদিকে ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাহারা খাতুনকে নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিলো সেটিও বাতিল করা হয়েছে।
ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান শনিবার (২৭ জুন) দুপুরে রাইজিংবিডিকে বলেন, ওনার অবস্থা আগের দিনের মতোই রয়েছে। কোনো পরিবর্তন নেই। সকালে তাকে বিএসএমএমইউতে নেওয়ার যে কথা ছিল সেটিও শারীরিক অবস্থা বিবেচনায় বাতিল করা হয়েছে।
২৬ জুন (শুক্রবার) বেলা ১১টার দিকে হঠাৎ করেই সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাই ডিফেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করেন। এখন তাকে অক্সিজেন ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে।
এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২২ জুন তাকে আইসিইউ থেকে এইচডিআইতে নেওয়া হয়েছিল।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত। গত ৩ জুন শ্বাসকষ্ট নিয়ে তিনি ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন। এখন পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের মেডিক্যাল কনসালটেন্ট আফসানা আরার তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তার বাবার নাম আব্দুল আজিজ ও মায়ের নাম টুরজান নেসা। সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।
সাহারা খাতুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।
নগরকন্ঠ.কম/এআর