শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

করোনা আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান বানু (৭১) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি —ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়, করোনাভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে এলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ। লায়লা আরজুমান বানু ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

লায়লা আরজুমান বানু ২ মেয়ে, এক ছেলে এবং ৬ নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর গাজীপুর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com