শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

করোনা প্রতিরোধ-বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখা, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক অনির্ধারিত বৈঠক থেকে এ নির্দেশনা দেয়া হয়।

বৈঠকে আগামী ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয় এবং লঞ্চডুবিতে নিহত সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রম অব্যাহত রেখে দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এসময় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি ও বন্যাদুর্গত মানুষের পাশে থেকে সার্বিক সহায়তা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ৩টি করে (বনজ, ফলদ ও ভেষজ) গাছ লাগানোর সভাপতি শেখ হাসিনার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস.এম কামাল হোসেন, মির্জা আজম, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য অ‌্যাড. এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com