শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

চিকিৎসার জন্য সাহারাকে থাইল্যান্ড নেয়ার প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার (০১ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান। তিনি দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। সাহারা খাতুন গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷

এর আগেও তিনি কিছু দিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিলো। গত বুধবার (২৪ জুন) মেডিক্যাল বোর্ড জানিয়েছিলো উন্নত চিকিৎসার জন্য সাহারা খতুনকে বিদেশ নেয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অনতি হয়। এর পর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেয়া হয়।

বুধবার মজিবর রহমান আরও জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সাড়া পাওয়া গেছে। তারা পাঠাতে বলেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে আজই জানানো হবে। সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বৃহস্পতিবার বা শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেয়া হতে পারে। তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে কথা বলতে পারছেন।

জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়েছিলো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com