শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

পানিবন্দিদের সহায়তা দিতে সরকারকে জিএম কাদেরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : উত্তরাঞ্চলের পানিবন্দিদের সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (১ জুলাই) রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

জিএম কাদের বলেন, করোনাভাইরাসের কারণে দেশবাসী এমনিতেই পর্যুদস্ত। দুঃসময় কাটাচ্ছে মানুষ। ভয়-ভীতি ও অর্থনৈতিক মন্দায় সবাই অস্থির। এমন দুঃসময়ে নতুনভাবে আরও একটি সমস্যা দেখা দিয়েছে তা হলো উত্তরবঙ্গের সবগুলি নদ-নদীর পানি বেড়েছে। তিস্তা ও ধরলা নদীর পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, চরাঞ্চল ডুবে গেছে।

তিনি বলেন, উত্তরাঞ্চলের গরিব মানুষগুলোর কষ্ট হচ্ছে। পানিবন্দি মানুষের মাঝে খাদ্যের অভাব, চিকিৎসার অভাব দেখা দিয়েছে, মাথা গোজার ঠাঁইয়ের জন্য ছোটাছুটি করছেন তারা।

‘আমি মনে করি করোনার কারণে আমরা পানিবন্দি দুর্গত মানুষদের দূরে সরিয়ে রাখতে পারি না। উত্তরাঞ্চলের পানিবন্দি মানুষের জন্য আমাদের চিন্তা করতে হবে,’ বলেন কাদের।

সরকারি সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যেনো পানিবন্দি মানুষের পাঁশে দাড়ায় এবং যথাযথ সাহায্য সহযোগিতার ব‌্যবস্থা নেয়। কারণ, এই মুহূর্তে দূর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। দেশের বিত্তবান, এমনকি রাজনৈতিক দলও যেন তাদের পাশে দাঁড়ায়।

জাতীয় পার্টির নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে গোলাম মোহাম্মদ কাদের বলেন, দুর্গতদের সাহায্য করুন, পানিবন্দি মানুষের জীবন বাঁচান এবং তাদের স্বস্তি দিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com