শুক্রবার, ১০ Jul ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সোমবার ব্যাংকক নেয়া হবে সাহারা খাতুনকে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (৬ জুলাই) রাতে থাইল্যান্ডের ব্যাংকক নেয়া হবে। সেখানকার বিখ্যাত বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় জানান, সাহারা খাতুনকে ব্যাংককে নিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে উনাকে সোমবার রাক ৮টায় ব্যাংকক নেয়া হবে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাহারা খাতুন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন ভেন্টিলেশনের সাপোর্টে রয়েছেন।

গত ২৬ জুন সকাল ১১টার দিকে হঠাৎ করেই সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাই ডিফেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়। তার হার্টবিট বন্ধ হয়েছিল প্রায়। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনতে হয়েছে। এখন তাকে অক্সিজেন ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে। এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২২ জুন সোমবার তাকে আইসিইউ থেকে এইচডিআইতে আনা হয়েছিল।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। গত ৩ জুন ভোর ৪টা ৪০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখন পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকাল ১১টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। ওই হাসপাতালের মেডিক‌্যাল কনসালট‌্যান্ট আফসানা আরার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তার বাবার নাম আব্দুল আজিজ ও মাতার নাম টুরজান নেসা। সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।

সাহারা খাতুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।

উত্তরণবার্তা/এআর

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com