শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

স্বাস্থ্য সেবা নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি করুন: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারকে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এক স্মরণ সভায় তিনি আহ্বান জানান।

জিএম কাদের বলেন, করোনা চিকিৎসার ব্যবস্থা নেই এমন হাসপাতালকেও করোনা টেষ্টের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা টেষ্ট নিয়ে মারাত্মক কেলেঙ্কারি হয়েছে। তাই এখন আর বিদেশে আমাদের দেশের করোনা টেষ্টের রিপোর্ট গ্রহণ করা হয় না। করোনা টেষ্টের ভুয়া রিপোর্টের জন্য বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। সুস্থ হয়েও দেশে আটকে পরা প্রবাসীরা বিদেশে যেতে পারছে না।

‘যারা ভুয়া টেষ্ট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যারা অচল মেশিন সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে’, বলেন জিএম কাদের।

তিনি বলেন, ৮ মার্চ বাংলাদেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর দেখা গেলো কোনও প্রস্তুতি নেই। কোনও সমন্বয় নেই। এখন স্বাস্থ্য সংশ্লিষ্টরা নিজেরাই স্বীকার করছে তাদের সমন্বয়হীনতার কথা। এই অবস্থায় দেশের স্বাস্থ সেবা নিশ্চিত করতে সরকারকে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে হবে।

তিনি বলেন, অপরাধীরা গ্রেপ্তার হয়ে হাসপাতালে আরামে থাকে। আবার মাস পার হলেই জামিনে মুক্তি পেয়ে টাই পরে ঘুরে বেড়ায়। এসব কারণে অপরাধ প্ররণতা কমছে না। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে অপরাধ ও দুর্নীতি কমবে না বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছাত্রদের লাঠিয়াল হিসেবে পরিণত করতে চাননি। তাই তিনি ছাত্রসমাজ বিলুপ্ত ঘোষণা করেছিলেন। কিন্তু অন্যরা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনীতিকে কলুষিত করেছে। তিনি জাতীয় ছাত্র সমাজের নেতা-কর্মীদের পড়াশোনার পাশাপাশি দেশের ইতিবাচক রাজনীতিতে অবদান রাখার আহ্বান জানান।

জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সৈয়দ ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, জামাল উদ্দিন, আল জুবায়ের, ফায়েকুজ্জামান ফিরোজ, মাহমুদ আলম ও সমরেশ মন্ডল মানিক উপস্থিত ছিলেন।

ছাত্রসমাজ নেতাদের মধ্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন, মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, এবি শরিফুল ইসলাম চৌধূরী অর্ণব, শাহরিয়ার রাসেল, লক্ষণ বিশ্বাস, মো. ইউসুফ, আল আমিন সরকার, তানভির হোসেন সুমন, রুহুল আমিন গাজী বিপ্লব, আতাউল্লাহ আরিফ, দ্বীন ইসলাম, ছাত্রসমাজের সম্পাদকমণ্ডলীর সদস্য ইলিয়াস আলী, মোস্তফা সুমন, তানভির আজিজ, সামিউল, সোহাগ, ড্যানি, আনোয়ার, এস.আই. শাকিল, মানিক খান, রানা আহমেদ, তোফায়েল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com