শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা সংকটে হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।
করোনা সংক্রমণের লাগাম টেনে না ধরতে পারলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে বিশেষজ্ঞদের এমন আভাস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে জনসমাগম এড়িয়ে চলতে হবে।
তিনি বলেন, গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সবাইকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পশুর হাট, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন, ফেরিঘাট, শপিং মলসহ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সবাইকে অবশ্যই মাস্ক পড়তে হবে।
করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্তদের পাশে থেকে যারা দিনরাত সেবা দিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে ওবায়দুল কাদের বলেন, সম্মুখসারিতে কাজ করছেন জাতির পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই। দেশ ও জাতি আপনাদের এ ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আপনারা অন্যদের বেঁচে থাকার প্রেরণা।
ওবায়দুল কাদের বলেন, যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না।
তিনি বলেন, শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদগার করাকেই দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্বপালনের ব্রত করে নিয়েছে। তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে।
‘সরকার অনিয়মকারীদের পৃষ্ঠপোষকতা করছে’-এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছিলো, ছিলো দুর্নীতিবাজদের অভয়ারণ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশের রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধুর পরিবার, তাই সরকার ও শেখ হাসিনার অর্জন গুটিকয়েক ব্যক্তির লোভের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে না।
বন্যা ক্রমশ ছড়িয়ে পড়ছে তাই অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান সেতুমন্ত্রী।
নগরকন্ঠ.কম /এআর