শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

‘পাটকলের ৫০ হাজার শ্রমিককে বেকার করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএসসি) চুরি, দুর্নীতি, অনিয়মের জন্য পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

সাইফুল হক বলেন, বিজেএসসির চিহ্নিত দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে পাটকল বন্ধ করে দেওয়া চরম হঠকারি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে পাটশিল্পের স্থায়ী-অস্থায়ী মিলে ৫০ হাজার শ্রমিককে বেকার করে দেওয়া হবে। যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, পাটকল বন্ধ ঘোষণার পর ইতিমধ্যে পাটের দাম কমে গেছে। এই অবস্থায় সীমান্ত দিয়ে ভারতে পাট পাচার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপযুক্ত দাম না পেয়ে পাটচাষীরাও সর্বশান্ত হয়ে যাচ্ছে।

বিবৃতিতে তিনি পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে রাষ্ট্রায়ত্ত মালিকানায় পাটকলগুলোকে আধুনিকীকরণ করে পাটশিল্পে পুনরুজ্জীবন ঘটানোর আহ্বান জানান।

আগামীকাল সোমবার বাম জোটের ডাকে দেশব্যাপী ‘মানববন্ধন-মানবপ্রাচীর’ গড়ে তোলার কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সাইফুল হক।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com