শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

‘আওয়ামী লীগ সুখে-দুঃখে আপনার পাশে সব সময় সারাক্ষণ’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাকালীন সরকারি দায়িত্বের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার সন্ধ্যায় ফেসবুকে তিনি একটি পোস্টে লিখেছেন, ‘আমি জানি আপনারা অনেকেই ভালো নেই। একদিকে করোনাভাইরাসের প্রকোপ, অন্যদিকে বন্যা। সামষ্টিক ভালো থাকা বলতে যা বোঝায়, আমি মনে করি সবাইকে নিয়ে ভালো থাকা। সেই অর্থে আসলে দেশের মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ আজ কঠিন সময় অতিক্রম করছে। তা সত্ত্বেও মানবতার জননী, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সব বাধা-বিপত্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলছে বাংলাদেশ।’

প্রতিমন্ত্রীর ওই পোস্টের বিষয়ে মঙ্গলবার তার সহকারী একান্ত সচিব (এপিএস) ডা. শামীম আহম্মদ বলেন, সোমবার বিকালে মন্ত্রণালয়ের একটি বৈঠক শেষে প্রতিমন্ত্রী মহোদয় সন্ধ্যায় এই পোস্ট দেন। করোনাকালীন সাধারণ ছুটির সময়ও আমাদের প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করেছি।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী লিখেছেন, ‘এই করোনাকালেও কিন্তু আমরা থেমে নেই। নতুন অর্থবছর শুরু হয়েছে। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি আগামীতে আমরা কোন্ কোন্ কাজগুলোকে প্রাধান্য দেব, জনস্বার্থে এবং বাংলার মানুষের কল্যাণে আমরা নানা ধরনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। সেই পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের প্রিয় সহকর্মীদের নিয়ে আজ আমরা বিশেষ বৈঠকও করেছি। আমাদের একটাই লক্ষ্য শুদ্ধাচার, সততা এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিয়ে জনগণকে তার প্রাপ্য সেবা নিশ্চিত করা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে মানবতার জননী, জননেত্রী শেখ হাসিনা দিন-রাত যে পরিশ্রম করছেন আমাদের অবস্থান থেকে তা সফল এবং সার্থক করা।’

ডা. এনামুর রহমান লেখেন- ‘মনে রাখবেন, আপনাদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আস্থা রাখুন আওয়ামী লীগে। আওয়ামী লীগ সরকার আপনার সরকার। সুখে, দুঃখে আপনার পাশে সব সময় সারাক্ষণ।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com