শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

‘করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

আজ শনিবার সকালে বিআরটিসির প্রধান কার্যালয়ে ‘ঈদ সার্ভিস’ উপলক্ষে বিআরটিসির গৃহীত পদক্ষেপ ও দিকনির্দেশনামূলক আলোচনাসভায় তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, ঘটে মূল্যবান প্রাণহানি। তাই ঈদযাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ জানান তিনি।

দুর্যোগ ও সঙ্কটের সাহসী নেতৃত্ব প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত ধরেই দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করেছেন মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব উন্নয়ন, অগ্রগতি ও মানুষের প্রতি তার যে প্রগাঢ় ভালোবাসা, তাতে দেশের মানুষকে তার ওপর আস্থা রাখারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

‘দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি দেশের সঙ্গে মিলিয়েছেন তার নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা, সঙ্কটে তিনি আস্থার প্রতীক।’

ওবায়দুল কাদের আরও বলেন, আস্থার সঙ্গে মনোবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। তাহলেই করোনার এ অমানিশা কেটে আবার আমরা চিরচেনা সতেজ পৃথিবীতে, পরিচিত কোলাহলে ফিরতে পারব।

মন্ত্রী বলেন, বিআরটিসির সমস্যা শ্রমিক কর্মচারিতে নয়, ডিপোকেন্দ্রিক যে অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

অনিয়মের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।

বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তা কর্মচারীদের সততা নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে বলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com