শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঈদের শক্তি জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয় হয়ে ওঠার প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শনিবার সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন কাদের। এসময় তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
কাদের বলেন, ‘ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই আজকের প্রত্যাশা। ’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। ঈদের এ সময় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা তার জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা যেন সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালি দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। ’
করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কাদের। অন্যদিকে, যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ’
এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর