শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

‘বাংলাদেশে দুর্নীতির বিষবৃক্ষ রোপণ করে গেছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকার ‘দুর্নীতির বিষবৃক্ষ রোপণ’ করে গেছে এবং বাংলাদেশ এখন তার ফল ভোগ করছে।

তিনি বলেন, ‘বিএনপির কাছে ক্ষমতা হলো দুর্নীতির মাধ্যমে টাকা কামানোর উপায় এবং দেশ এখন তাদের পাঁচ বছরের দুঃশাসনের সময়ে রোপণ করা বিষবৃক্ষের মূল্য দিচ্ছে।’

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শুক্রবার (২১ আগস্ট) সকালে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার একের পর এক দুর্নীতি এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করছে।

২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে বর্বর গ্রেনেড হামলার ঘটনায় জড়িত থাকার জন্য বিএনপি জামায়াত জোটকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ড বিএনপির অভ্যাস। তারা দেশের স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com