শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:০১ অপরাহ্ন

গ্রেনেড হামলার আসামিদের দণ্ড কার্যকরের দাবিতে সরাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমানসহ সব আসামির দণ্ডাদেশ কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যই ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল। খুনিরা ভেবেছিলো ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিলো, সেভাবে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে।

বক্তারা বিএনপি নেতা তারেক রহমানকে গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে হামলার সঙ্গে জড়িত সকল আসামির দণ্ডাদেশ কার্যকর করার দাবি জানান।

মানববন্ধনে জেলা ও সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা অংশ নেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com