শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী বলেছেন, বিগত ৫০ বছরে রাজনৈতিক নেতৃত্ব দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে নানাভাবে বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ, আস্তিক-নাস্তিক, মৌলবাদী-প্রগতিশীল, এর দালাল, ওর দালাল, ধর্মীয় মাজহাব ও মতবাদের নানা ফেরকা আমাদের মাঝে ভয়ংকর বিভেদের দেয়াল তৈরি করেছে।
তিনি বলেন, কোনো বিশেষ মতাদর্শের সংকীর্ণ বেড়াজালে বন্দি হবে না এবি পার্টি। অধিকার ও ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই হবে এবি পার্টির আদর্শ।
আজ সোমবার এবি পার্টির বিজয়নগরস্থ কার্যালয়ে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও ছাত্র-যুব কমিটির দিনব্যাপী এক (ফিজিক্যাল-ভার্চুয়াল) যৌথ কর্মশালায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সশরীরে এবং ঢাকা ও প্রবাসের নেতৃবৃন্দ জুম মাধ্যমে অনলাইনে অংশগ্রহণ করেন। কর্মশালায় দলের আদর্শ, লক্ষ্য, কর্মসূচি ও ছাত্র-যুব সংগঠনের কার্যক্রম প্রসঙ্গে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালা সকাল ১০টায় শুরু হয়ে মধ্যাহ্ন বিরতিসহ সন্ধ্যা ৬টায় শেষ হয়।
কর্মশালায় এবি পার্টির আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি সংক্রান্ত ব্যখ্যা ও প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য দেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মন্জু। ছাত্র ও যুবসংগঠন সম্পর্কিত প্রস্তাবনা উপস্থাপন করেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
কর্মশালায় প্রস্তাবিত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বি এম নাজমুল হক, সহকারী সদস্যসচিববৃন্দ যথাক্রমে আমিনুল ইসলাম এফসিএ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সাজ্জাদ হোসেন, এ বি এম খালিদ হাসান, নাজমুল হুদা অপু, আব্দুল বাসেত মারজান, আনোয়ার সাদাত টুটুল, এএফ ওবায়দুল্লাহ মামুন, তানভীর হোসাইন, শাহ আব্দুর রহমান, এম. আমজাদ খান, অ্যাডভোকেট সাঈদ নোমান, বেবী পাঠান ও আলতাফ হোসেন।
প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে লন্ডন থেকে সহকারী সদস্যসচিব ব্যারিস্টার নুরুল গাফ্ফার, কার্ডিফ থেকে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, বার্মিংহাম থেকে সহকারী সদস্যসচিব আব্দুল আউয়াল মামুন, নরউইচ থেকে সহকারী সদস্যসচিব জুলকারনাইন জুম্মা, প্যারিস (ফ্রান্স) থেকে মাহবুবুর রহমান ও আল আমিন, নিউ ইয়র্ক (ইউএসএ) থেকে আশেক মাহবুব ইলাহী, টেক্সাস (ইউএসএ) থেকে মিয়া মো. সিরাজ, তুরস্ক থেকে জাভেদ পারভেজ, বাহরাইন থেকে ড. শাহেদুল ইসলাম বিভিন্ন প্রসঙ্গে তাদের মতামত ব্যক্ত করেন।
কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর সভাপতি প্রকৌশলী আলমগীর হোসেন, বি-বাড়িয়া জেলা সমন্বয়ক ইব্রাহিম খান সাদাত, সাতক্ষীরা জেলা যুগ্ম সমন্বয়ক ভিপি আব্দুল কাদের, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, মোফাসসের আলম লেনিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকীব, চট্টগ্রাম থেকে অ্যাডভোকেট আবুল কাসেম, প্রকৌশলী জায়েদ হাসান, বরগুনা জেলা প্রতিনিধি ইদ্রিস আলী, ঢাকা মহানগর থেকে সহকারী অধ্যাপক আলী আকবর, ওবায়দুর রহমান আরিফ, গাজী নাসির উদ্দিন, ঢাকা জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মীর জাহান খান শাহীন, গাজীপুর জেলা সদস্যসচিব প্রভাষক শফিকুল ইসলাম, জামালপুর থেকে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কক্সবাজার থেকে আব্দুর রহমান, গাজীপুর ইয়থ ডিভিশনের আহ্বায়ক মাসুদ জমাদ্দার রানা, প্রকৌশলী রইস উদ্দিন রাসেল, সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট আবুল ফাত্তাহ, গাজী ছাবের আহমদ, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম মীর্যা, প্রিন্স আল আমীন প্রমুখ।
নগর কন্ঠ.কম/এআর