শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

নির্বাচন এলেই বিএনপি চিৎকার শুরু করে: কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে যে কোনো নির্বাচন এলেই বিএনপি চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়।

তিনি সোমবার সকালে মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
‘সরকারের জনসমর্থন নেই’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কী নেই তার মানদণ্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছে?

তিনি বলেন, নির্বাচন যদি মানদণ্ড হয় সে ক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।
ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটাতেই পরাজিত। তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে, তাদের মুখে এমন কথা শোভা পায় না।

সেতুমন্ত্রী বলেন, জাতীয় সংসদের আসন্ন ৫টি আসনে উপনির্বাচনে একটিতে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। অন্য আসনগুলেতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।

‘করোনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে’ গণমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্ট অনুযায়ী মন্ত্রী বিভিন্ন সিটি কর্পোরেশনসহ সারা দেশের পৌরসভাগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com