শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

আ.লীগের সহযোগী সংগঠনের কমিটি ১৫ সেপ্টেম্বরের মধ‌্যে জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের যেসব জেলা, মহানগর এবং সহযোগী সংগঠগুলোর সম্মেলন হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তাদের ১৫ সেপ্টেম্বরের মধ‌্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন‌্য নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় এই নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখন থেকে আমাদের সীমিত পরিসরে সারা বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। বিস্তারিত আলাপ-আলোচনার মধ‌্য দিয়ে পরে জানাব।

‘১৫ সেপ্টেম্বরের মধ‌্যে দপ্তর বিভাগে দলের সভাপতি বঙ্গবন্ধু কন‌্যা শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার আহ্বান করছি। যেসব জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেসব কমিটি ১৫ সেপ্টেম্বরের মধ‌্যে জমা দেওয়ার জন‌্য সংগঠনের সব শাখার প্রতি নির্দেশ দিচ্ছি।’

তিনি বলেন, এ বিষয়টি আমিসহ সংশ্লিষ্ট যুগ্ম সাধারণ সম্পাদকরা দেখছেন এবং সংশ্লিষ্ট জেলার সঙ্গে যোগাযোগ করবেন।

‘এরপর যে সম্মেলনগুলো হবে, সেগুলো সব আনুষ্ঠানিকতা শেষ করেই করব। উপজেলা সম্মেলন, ইউনিয়ন, ওয়ার্ড বাদ দিয়ে জেলা সম্মেলন করার কোনো মানে হয় না। কাজেই আমাদের একেবারেই তৃণমূল থেকে চিন্তা-ভাবনা করতে হবে।’

খুব শিগগিরই দলের সভাপতিমণ্ডলীর সভা ও কার্যনির্বাহী কমিটির মিটিং হবে বলেও জানান এ সময় ওবায়দুল কাদের।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কামল হোসেন, মির্জা আজম উপস্থিত ছিলেন।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com