শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনাটি ‘অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। এটি মেনে নেয়া যায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ইউএনও ওয়াহিদা খানমের সু-চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে।
‘অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সারা দেশে প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের’-যোগ করেন কাদের।
বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। হামলাকারীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ভোরে হাকিমপুর উপজেলার কালীগঞ্জ থেকে স্থানীয় এক যুবলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
নগর কন্ঠ.কম/এআর