শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর খুনিদের শিগগির ফিরিয়ে আনা হবে: মতিয়া

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের শিগগির দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘কোনো সভ্য সমাজে তাদের জায়গা হতে পারে না। খুব শিগগিরই খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই শত সংকট মোকাবিলা করে বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়াচ্ছে, এ কথা উল্লেখ করে করোনাসহ সব সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে তাদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, ব্যারিস্টার জাকির আহমেদ, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মানিক লাল ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com