শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সরগরম নয়াপল্টন কার্যালয়, মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপির প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চারটি আসনের উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে আজ শুক্রবার মনোনয়ন ফরম জমা নিচ্ছে বিএনপি। প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়পত্র জমা দিচ্ছেন। বহুদিন পর সরগরম হয়ে উঠেছে কেন্দ্রীয় কার্যালয়।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে,ঢাকা-১৮ , ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬ আসনে মোট ২৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

শুক্রবার সকালে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ফরম জমা দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন ফরম জমা নেন।

এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মনোনয়ন জমা দিয়েছি। আমি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এবং দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে আমি ঢাকা-১৮ আসন দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারব।

তিনি বলেন, আমরা এ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা সরকারের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচনের ফলাফল নিয়ে ফিরব।

বিকাল ৪ টার মনোনয়ন ফরম জমা দেবেন ঢাকা-১৮ আসনের বিএনপির আরেক প্রার্থী তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদী। এছাড়া অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।

শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করবে।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com