বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

‘বিএনপি-জামায়াত দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এখন যেসব দুর্নীতি দেখা যাচ্ছে, সেগুলো দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে আসছে। আওয়ামী লীগ নয়, বিগত বিএনপি জামায়াত সরকার এইসব দুর্নীতিকে লালন পালন করে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। সেটারই মূল উৎপাটন হচ্ছে এখন।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিপক্ষে জিরো টলারেন্স ঘোষণা করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কারণেই এগুলো সামনে আসছে।’

হানিফ বলেন, ‘এখন সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে কথা বলা মানেই হলো দুর্নীতিবাজদের পক্ষ নেওয়া ও দুর্নীতিকে রক্ষা করা। সারাদেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু বিএনপির চোখে তা পড়ে না। তারা কোনো উন্নয়ন দেখতে পায় না। কারণ তারা কোনো উন্নয়ন করতে পারেনি। সেই ব্যর্থতা ঢাকতে তারা এখন সরকারের বিরুদ্ধে বিষদগার করে জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।’

এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com