বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

নৌকার পক্ষে কাজ করার নির্দেশ যুবলীগ চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করতে যুবলীগ নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, নেত্রী (শেখ হাসিনা) যাকে প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে যুবলীগ মাঠে থাকবে। নির্বাচন ঘিরে আপনাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। আপনারা প্রতিটি মানুষের কাছে যাবেন, ভদ্র-নম্রভাবে ভোট চাইবেন। এ কাজটি করতে গিয়ে অবশ্যই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবেন।

রোববার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নূর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, নির্বাচনের সমন্বয়ক মো. হারুনর রশিদ মুন্না, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার বাবু প্রমুখ।

এ সময় শেখ ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধরু শক্তি ছিল নিপীড়িত মানুষ। সে বিষয়টি মাথায় রেখেই আমরা রাজনীতি করছি। আপনারাও নিপীড়িত মানুষের কাছে যাবেন, সমস্যাগুলো নোট করে রাখবেন। পরে আমাদের কাছে দেবেন, আমরা কিভাবে সাহায্য করা যায়, কষ্ট লাঘব করা যায় সে চেষ্টা করব।

এর আগে সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ঢাকা-৫ উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না। এছাড়াও ঢাকা-৫ আসনের অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচার চলে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com