মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

অপরাধ করে কেউ পার পাবে না: প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেবেন না। তিনি প্রমাণ করে দিয়েছেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ পাবে না।

বৃহস্পতিবার দুপুরে চীনের অনুদানে নির্মাণাধীন চীন-বাংলাদেশ ৮ম মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু) সংলগ্ন বুধবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিক ও সেতুটির প্রধান টেকনিশিয়ান মি. লাওফেনের (৫৮) হত্যার স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। তাই চীনের নাগরিক হত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করবে সরকার।

তিনি বলেন, চীন আমাদের দেশের ব্যাপক উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছে, চীন আমাদের বন্ধুপ্রতীম দেশ। এ ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন একটি ঘটনা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের সম্মুখীন করতে জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগ যথেষ্ট তৎপর রয়েছে।
মন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুর সার্কিট হাউসে আয়োজিত এক ‘মিট দ্য প্রেসে’ অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

এ সময় পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, র‌্যাব বরিশাল-৮ এর উপ-অধিনায়ক মেজর. জাহাঙ্গীর আলম, গোয়েন্দা সংস্থা এনএসআইর উপ-পরিচালক নুরুল আমীন, সেতুটির সিকিউরিটি ইনচার্জ মি. কাও, ডেপুটি ম্যানেজার মি. জয়েন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com