মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বিএনপি নেতা কর্মীদের কাছে অপ্রিয়, জনগণের কাছে প্রিয় হবে কী করে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যারা নিজেদের কর্মীদের কাছে অপ্রিয় তারা দেশের মানুষের কাছে কী করে প্রিয় হবেন, এই প্রশ্ন রেখে বিএনপিকে দল গোছানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম বিভাগের ৬ আলোকিত সাংবাদিক স্মরণে এই সভার আয়োজন করে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম (চবিসাফ)।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যখন সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছে, তখন দলের ভেতরে আন্দোলন শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় ডিম ছুঁড়েছে তাদের নেতাকর্মীরা। উত্তরবঙ্গে যখন রিজভী আহমেদ সভা করতে গেছেন, তাদের দুপক্ষ মারামারি করে সভা পণ্ড করে দিয়েছেন।’

বিএনপিকে পরামর্শ দিয়ে তথ‌্যমন্ত্রী বলেন, ‘আগে নিজেদের দল গোছান। নিজের কর্মীদের মধ্যে যে বিশৃঙ্খলা সেটা আগে সামলান। যারা নিজেদের দল সামলাতে পারে না, যারা নিজেদের কর্মীদের কাছে অপ্রিয় তারা দেশের মানুষের কাছে কী করে প্রিয় হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ডিম ছুঁড়েছে নেতাকর্মীরা। গত নির্বাচনের সময় বিএনপি তিনশ আসনে নয়শ জনকে নমিনেশন দিয়েছে। এমন ঘটনা বাংলাদেশে কখনও ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কিনা সন্দেহ আছে।’

সভায় যে ৬ জন সাংবাদিককে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয়, তারা হলেন মরহুম খোন্দকার মোজাম্মেল হক (গেদুচাচা), ডি.পি বড়ুয়া, ড. ফেরদৌস আহমেদ কোরেশী, আবদুস শহীদ, আবুল কালাম এবং হুমায়ূন কবির খোকন। স্মরণ সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল হক, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং ৬ সাংবাদিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com