মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নৌকার পক্ষে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দিনভর প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে দিনভর প্রচারণা চালিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এসময় ঘরে ঘরে গিয়ে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়িয়েছেন তারা। এছাড়া আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু নিজেও দিনভর উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগ চালিয়েছেন।

সোমবার সারাদিন ৬০ ও ৬১নং ওয়ার্ডে গণসংযোগ চালান আওয়ামী লীগের প্রার্থী। এ সময় তার সঙ্গে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচনের প্রধান সমন্বয়ক হারুনুর রশীদ মুন্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা খোলা জিপে করে বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মনু ও নৌকার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

সকাল থেকে দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন। এ সময় নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্নাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিপন নিজেও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে তিনি তার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ঢাকা-৫ আসনে ১৪টি ওয়ার্ডে পৃথক পৃথক টিম করে নির্বাচনী প্রচারণায় কাজ করছে যুবলীগ। সোমবার নৌকায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছে ৬৩নং ওয়ার্ড যুবলীগ। ওয়ার্ড যুবলীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাজলা নতুন রাস্তা, কাজলার পাড় হাইস্কুল রোড, বরফ গলি, সৃজন বিদ্যাপীঠ, কাজলা নয়ানগর হয়ে চাঁনমিয়া রোডে এসে গণসংযোগ শেষ হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬৩নং ওয়ার্ড যুবলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবু। তিনি বলেন, কেন্দ্রভিত্তিক টিম গঠন করে নির্বাচনী প্রচারণায় কাজ করছে দক্ষিণ যুবলীগ ও স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। আমরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছি।

দক্ষিণ যুবলীগের পক্ষে গণসংযোগে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট মুক্তা আক্তার, ঢাকা দক্ষিণ যুবলীগের উপ মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালান, সদস্য খোরশেদ আলম মজুমদার, যুবলীগ নেতা কেরামত আলী পান্না, কাউসার হক, এস কে রিমা, শফিকুল ইসলাম জুয়েল, ৬৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাতিউর রহমান মিশু, সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়া গণসংযোগ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com