মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উত্তরার বাসভবনে লালমনিরহাটের তিন আওয়ামী লীগ নেতার জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নতুনদের স্বাগত জানিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের সার্বিক কল্যাণে রাজনীতি করে। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের হাত ধরে দেশে যে উন্নয়ন সমৃদ্ধি হয়েছে, তা জনগণের কাছে তুলে ধরতে হবে। মানুষের বিশ্বাস অর্জন করে জাতীয় পার্টিকে তৃণমুলে শক্তিশালী করতে হবে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয় সেজন্য সরকারকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন ধর্ষণ আইনে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তদন্ত থেকে বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
এর আগে লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, লালমনিরহাট জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার এসএম ওয়াহিদুল হাসান সেনা, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি এবং খোলাহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী বুলু দলের চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
নগরকন্ঠ.কম/এআর