মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

বিএনপি দেশ, জনগণ নিয়ে ভাবে না: হানিফ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি এবং বিএনপি সংলগ্ন দলগুলো এখন স্ববিরোধী অভিযোগ করছেন। কোনো ইস্যু থাক বা না থাক সরকারের বিরুদ্ধে অভিযোগ করায় এখন তাদের রাজনৈতিক মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এরা দেশ নিয়েও ভাবেনা, জনগণ নিয়েও ভাবে না।’

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা রোধে যুব সমাজ ও সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, ‘সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জনগণের কাছে আস্থা ফিরে পাওয়া যাবে না। তারা প্রতিদিন কথা বলছেন, মিডিয়ায় প্রকাশ হচ্ছে তারপরেও বলছেন যে, তাদের স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না। এইসব অভিযোগ একদম স্ববিরোধী আর মিথ্যাচার ছাড়া কিছুই নয়।’

হানিফ আরও বলেন, ‘সরকারের বিরুদ্ধাচরণ করায় একজন রাজনৈতিক ব্যক্তির কর্ম হওয়া উচিত না। বিএনপির উচিত এখান থেকে সরে এসে জনগণের জন্য কথা বলা। ভুলত্রুটির পাশাপাশি সরকারের উন্নয়ন অগ্রগতিও নিয়ে তাদের কথা বলা উচিত। বিরুদ্ধাচরনের নামে এইসব মিথ্যাচার দেশের ভাবমূর্তি নষ্ট করে।’

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মাহাববুল আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন, সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক অজয় সুরেকা প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com