মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

‘বাইরে থেকে লোক এনে ভয় দেখাচ্ছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী বাইরের থেকে লোক এনে সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসানের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

এস এম মান্নান কচি বলেন, ‘বিএনপি হচ্ছে কাগুজে বাঘ। তারা শুধু হুংকার দিয়ে ঘরে বসে থাকে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা মাঠের রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।’

আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, এ দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ‌্যেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল।’

আগামী ১২ নভেম্বর উপ-নির্বাচনে নৌকা প্রতীক সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে জয়ী হবে, এ আশা ব্যক্ত করেন এস এম মান্নান কচি বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন, সে প্রত্যাশা আমাদের।’

শনিবার দক্ষিণখান বাজার ঈদগাহ মাঠ এলাকা থেকে গণসংযোগ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা প্রলয় সমদ্দার বাপ্পি, আবদুল আউয়াল শেখ, সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান খান বোরহান, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com