মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

কৃষি নিয়ে বিক্ষোভে মমতা, পথে বামেরাও

কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবারই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দাবিকে সামনে রেখে এবং দিল্লিতে কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে তৃণমূলের পথে নামার কর্মসূচিও এ বার বেঁধে দিলেন তিনি। কৃষি আইনের প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে আগামী ৮, ৯ ও ১০ ডিসেম্বর তৃণমূলের কৃষক ও ক্ষেতমজুর সংগঠন বিক্ষোভ-অবস্থান করবে। সেই কর্মসূচিতে ১০ তারিখ অংশগ্রহণ করার কথা মুখ্যমন্ত্রীর। রাজ্যের অন্যত্রও প্রতিবাদ চলবে।

তৃণমূলের রাজ্য ও জেলা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে শুক্রবার মমতা বলেছেন, নতুন আইনে কৃষি ও কৃষকদের সর্বনাশ হবে। সাধারণ মানুষেরও ক্ষতি হবে। তাই ওই আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনের পাশে থাকবে তৃণমূল। দিল্লিতে কৃষকদের অবস্থানে রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনকে পাঠিয়েছেন মমতা। ডেরেকের ফোন থেকে কৃষকদের সঙ্গে তৃণমূল নেত্রী নিজে এ দিন কথাও বলেছেন। বৈঠকে এ দিন ঠিক হয়েছে, ৮ ও ৯ তারিখ কৃষির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রির প্রতিবাদে এবং শ্রমিক কর্মচারীদের স্বার্থে শিল্পাঞ্চলে কর্মসূচি নেবে দলের শ্রমিক সংগঠন।

 মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে বিঁধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য এ দিন চাঁপদানির সভায় মন্তব্য করেছেন, ‘‘কৃষি নীতি নিয়ে দিদিমণি রাজ্যের কৃষকদের নিয়ে রাস্তায় নামবেন বলেছেন। আমরা রাজ্যের কৃষকদের পাশে থেকে তাঁদের ন্যায্যমূল্য দিতে চাই। ফসলের দাম নিয়ে দুর্নীতি আটকাতে কেন্দ্রের কৃষি আইনই একমাত্র রাস্তা।’’ তাঁর অভিযোগ, চটকলগুলো বন্ধ করে শ্রমিকদের ‘বহিরাগত’ তকমা এঁটে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com