মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ভাস্কর্যের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ভাস্কর্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আটক চারজনের মধ্যে দুজন জড়িত ছিল এবং তাদের কথামতো অন্য দুজনকে আটক করা হয়েছে। স্থানীয় ইবনে মাসউদ নামে একটি মাদ্রাসা থেকে দুই ছাত্র রাতে বেরিয়ে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে, তাদের বিরুদ্ধে মামলা হবে। বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম সভ্যতার যুগে আলবেরুনি ও ইবনে বতুতাসহ অনেকের ভাস্কর্য বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে। সেগুলো কেউ ভাঙছে না। আমরা বলছি, ভাস্কর্য মানেই পূজা নয়; ভাস্কর্য মানেই তাকে ধরে রাখা। তার যে অবদান দেশের প্রতি, জাতির প্রতি, সেটাকে হৃদয় দিয়ে ধারণ করা।
মন্ত্রী বলেন, অনেক ইসলামিক দেশে মুদ্রার মধ্যে বাদশাহদের ছবি রয়েছে। সৌদির বাদশাহর ছবি রয়েছে, পাকিস্তানের কায়েদে আজমের ছবি রয়েছে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানের ছবি রয়েছে। সেটা পকেটে নিয়ে আমরা ঘুরছি। অথচ একটি ভাস্কর্য প্রজন্মের পর প্রজন্ম সাক্ষী হয়ে থাকবে, সেটা আমরা ধ্বংস করতে চাইছি। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ভাস্কর্যের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com