মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

চিনকে বার্তা দিয়ে নিরাপত্তা পরিষদে ভারত

গত কাল থেকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দু’বছরের মেয়াদ শুরু করল ভারত। আর শুরুতেই চিনের উদ্দেশে বার্তা দেওয়া হল নাম না-করে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি নিউইয়র্ক থেকে জানালেন, “আইনের শাসন এবং উন্মুক্ত, উদার, ন্যায্য এবং সমবণ্টনের নীতির প্রতি আমাদের দায়বদ্ধতা নিয়ে কোনও দ্বিধা নেই। বাংলাদেশের সঙ্গে জলসীমান্ত ভাগ করে নেওয়ার কারণে আমরা রাষ্ট্রপুঞ্জের ট্রাইবুনালের দ্বারা পুরস্কৃতও হয়েছি।” তাঁর বক্তব্য, “সদস্য হিসেবে এর আগের মেয়াদেও ভারত এই নীতিগুলি থেকে পিছু হটেনি। এ বারেও হটবে না। সমস্ত উন্নয়নশীল দেশের সাধারণ স্বার্থের জন্য গলা তুলব আমরা।”

প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য নিয়ে সরব বিশ্বের অনেক দেশই। এই বিষয়ে গত এক বছরে ভারত অনেকটাই সক্রিয়তা বাড়িয়েছে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ভাবে। বাণিজ্যিক এবং কৌশলগত ভাবে চিন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং দক্ষিণ চিন সাগরে অন্য অনেক দেশেরই স্বার্থে আঘাত করছে, আন্তর্জাতিক আইন মানছে না— এই অভিযোগ আসিয়ানের সদস্যদেশগুলি ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ফ্রান্সের। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে চিনের সঙ্গে সংঘাত চলাকালীন ভারত এই নিয়ে প্রকাশ্যে সরব হচ্ছে না ঠিকই, কিন্তু আজ তিরুমূর্তির মন্তব্য থেকে স্পষ্ট, রাষ্ট্রপুঞ্জে চিনের সঙ্গে কূটনৈতিক পাঞ্জা কষার জন্য প্রস্তুতি শুরু হয়েছে সাউথ ব্লকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com