রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও গবেষণার কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’ তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘তরুণরাই আগামী দিনের বাংলাদেশ, তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অঙ্কিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা।’

ওবায়দুল কাদের বলেন, ‘জীবন মানে যুদ্ধ। যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই, সে জীবন জীবন নয়। চলার পথে নানা বাধা আসবে, গতি হারাবে ঝড়ে। কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য প্রাণশক্তি  নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা, ব্লু-ইকনোমির সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন। বিশ্ব ব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি।’

এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের কাছে বিস্ময় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘দক্ষ ও যোগ্য নেতৃত্বে মাছে-ভাতে বাঙালির পরিচয় আবার বিশ্বের মাঝে তুলে ধরেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের প্রজন্ম মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানা চ্যালেঞ্জের মধ্যদিয়ে বেড়ে উঠছে।’ এসব অপরাধ থেকে প্রজন্মকে দূরে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

করোনা মহামারি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারি বিশ্বকে থমকে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে। করোনার নতুন ধরনের সংক্রমণ এবং এর গতিপ্রকৃতি বিবেচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শিগগিরই একটি সিদ্ধান্ত নেবে।’ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের চলমান যাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান সেতুমন্ত্রী।

এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফর সাদেক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com