রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

নৌকার সমর্থক মামা-ভাগনেকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারো সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামানের দুই সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন- বজলুর রহমান (৪৫) ও আরিফ হোসেন (৩০)। তারা সম্পর্কে মামা-ভাগনে। বৃহস্পতিবার রাতে তাদের উপর হামলা হয়।

আহত বজলুর রহমান আড়ানী পৌর এলাকার ৪ নম্বর নুরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতদের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুক্তার আলীর সমর্থকেরা তাদের ওপর হামলা চালিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন বজলুর রহমান। আইসিইউতে নেয়া হয়েছে আরিফকে।

বজলুর অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহীদুজ্জামানের কাছ থেকে কেন্দ্র খরচের টাকা নিয়ে তিনি এবং তার ভাগনে আরিফ বাড়ি ফিরছিলেন। আরিফ তাকে তার বাড়ি পৌঁছে দিতে বলছিলেন। তিনি তার সঙ্গে যাচ্ছিলেন। নুরনগর রাস্তার মোড়ের কাছে আসতেই তিনি বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর ছেলে রাজুকে দেখেন। তার সঙ্গে মুক্তার আলীর সমর্থক আশিক, সজল, শরীফ ছিলেন। এ ছাড়া মুখ বাঁধা আরও চারজন ছিলেন। মুক্তারের ছেলের হাতে চায়নিজ কুড়াল, আশিকের হাতে ডেগার ছিল। তারা ওখানে কী করছেন, জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে আশিক তার বগলের নিচ দিয়ে ডেগার ঢুকিয়ে দেয়। তিনি পড়ে যান। পরে মুখ বাঁধা অন্যরা এসে উপর্যুপরি তার পিঠের ওপরে চাপাতি দিয়ে কোপাতে থাকেন। তিনি মারা গেছেন ভেবে বালুর মধ্যে তাকে ফেলে চলে যান। এরপর হাসপাতালে এসে জানতে পারেন তার ভাগনের পেটেও আশিক ডেগার চালিয়ে দিয়েছে।

বজলুর রহমানের দাবি, তিনি জানতে পেরেছেন বিদ্রোহী প্রার্থী মুক্তার তাকে হত্যা করার জন্য আশিকের সঙ্গে ১০ লাখ টাকার চুক্তি করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, যারা আহত হয়েছেন, তারা নৌকার সমর্থক। আর যারা হামলা করেছেন, তারা বিদ্রোহী প্রার্থীর সমর্থক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com