রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে প্রথমে টিকা নেয়ার আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সবার আগে করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন। রিজভী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যেভাবে টিকার প্রথম ডোজ নিয়ে মানুষকে আস্থা ও ভরসা দিচ্ছেন ও আশ্বস্ত করছেন আপনারাও সেই পথ অনুসরণ করুন। তাদের মতো আপনারাও সাহসী পদক্ষেপ নিন। আপনারা আগে টিকা নিলে জনগণ ভরসা পাবে।’

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, জনগণের সংশয় নিরসন ও উৎসাহী করতে টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো টিকার প্রথম ডোজ নিয়ে বলেছেন, টিকা যে নিরাপদ এবং বৈধ, তা নিশ্চিত করতে আমিই প্রথম ডোজ নিলাম। টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহকে প্রথম ডোজ দিয়ে দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রিজভী বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশা করবো প্রথম টিকাটি প্রধানমন্ত্রী গ্রহণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। আর এ দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। আর যদি প্রথম ডোজ টিকা না নেন তাহলে জনগণ নিশ্চিত হবে আপনাদের সবকিছুই ভণ্ডামি ও ছলচাতুরি। জনগণকে কোনো দেশের পরীক্ষাগারের গিনিপিগ বানাতে চাচ্ছেন। গরীব সাধারণ আম জনতাকে আগে ভ্যাকসিন দিয়ে দেখবেন ওরা মরে না বাঁচে। সুতরাং আপনাদের বিশ্বাসের অগ্নিপরীক্ষা হবে এখন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com