রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সাংসদ একরামুলকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জে রোববার আধাবেলা হরতাল

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে এই হরতালের ডাক দেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত সাংবাদিকদের জানান, হরতালের সমর্থনে আজ শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলও করবে উপজেলা আওয়ামী লীগ।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে একরামবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করেন আবদুল কাদের মির্জা।

আবদুল কাদের মির্জা বিক্ষোভ সমাবেশে বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার ও জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সন্তান বলে আখ্যায়িত করেন।

আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেন তিনি। এরই মধ্যে একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

পরে অবশ্য ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন এমপি একরামুল। এর আগেই কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com