রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রাজশাহী হবে সবচেয়ে দৃষ্টিনন্দন শহর: এলজিআরডি মন্ত্রী

মো. তাজুল ইসলাম বলেন, রাজশাহীর উপযোগিতা অনুযায়ী অনেক উন্নয়ন করা সম্ভব। জনবসতি, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য এটি উপযুক্ত জায়গা।

তিনি বলেন, এ অঞ্চলে যে উন্নয়ন কর্মকান্ড চলছে তা বাস্তবায়িত হলে এ শহর দেশের মধ্যে একটি অনন্য নগরীতে রূপান্তরিত হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র অত্যন্ত পরিকল্পিতভাবে উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, রাজশাহীর উন্নয়নের জন্য সরকার ইতোমধ্যে অনেক বরাদ্দ প্রদান করেছে এবং প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, নগরীর অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন থেকে আরও কোন প্রকল্প নেয়া হলে সেগুলোকে বিবেচনায় নিয়ে যাচাই-বাছাই করে অনুমোদন দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজশাহী নগরী এবং আশপাশের মানুষের সুপেয় পানি সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প নেয়া হয়েছে এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

এ বিষয়ে তিনি আরো বলেন, রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিকভাবে মানুষের জীবন মানোন্নয়নে যা যা করা দরকার তার সবই করা হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার যেমন প্রত্যেক নাগরিকের রয়েছে তেমনি না করারও অধিকার রয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি, করবে না সেটা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সকল পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য একটি মাস্টার প্লান প্রণয়ন করা হয়েছে এবং এর কাজ চলমান রয়েছে। এই মাস্টার প্লানের মাধ্যমে যাতে করে দীর্ঘমেয়াদি চাহিদা পূরণ করে টেকসই উন্নয়ন করা যায় সে জন্য কাজ করা হচ্ছে।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সার্কিট হাউসে আয়োজিত স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে স্থানীয় সরকার মন্ত্রী জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ, এইচ, এম কামরুজ্জামানের মাজার জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়াও তিনি হযরত শাহ মখদুম (র.)’র মাজার জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com